স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর সেবার সমন্বয়ে সেবাপ্রদান এবং রাজস্ব আদায়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলা ভূমি অফিস। ভূমিসেবা সহজীকরণ, নির্ধারিত সময়ে আবেদন নিষ্পত্তি, জনবান্ধব কার্যক্রম এবং চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর ও ভিপি সম্পত্তির লিজমানি আদায়ে শতভাগ সাফল্য অর্জিত হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ রাজস্ব আদায় সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে অফিসটি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, নাগরিকদের হয়রানিমুক্ত ও দ্রুত সেবা নিশ্চিত করতে নিয়মিত গণশুনানি, সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান, অনলাইনভিত্তিক আবেদন নিষ্পত্তি এবং ভূমি উন্নয়ন কর আদায়ে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে সেবার মান যেমন বেড়েছে, তেমনি রাজস্ব আদায়েও ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমছে, অন্যদিকে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।
আরও জানা গেছে, চলতি অর্থ বছরে প্রায় ২ কোটি টাকা ভূমি উন্নয়ন কর ও ভিপি সম্পত্তির লিজমানি নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ আদায়ে সাফল্য অর্জন করে অতীতের সব রেকর্ড ভেঙেছে। এই প্রথম এ উপজেলায় শতভাগ ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার সহকারী কমিশনার ( ভূমি) (অ.দা.)হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আগের তুলনায় এখন ভূমি অফিসে সেবা পাওয়া অনেক সহজ হয়েছে। প্রয়োজনীয় তথ্য, আবেদন প্রক্রিয়া এবং সেবার অগ্রগতি সম্পর্কে সহজেই জানা যাচ্ছে। তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণে সেবার মানে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে তারা মন্তব্য করেন।
শিবালয় উপজেলার সাতটি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। এসব ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ভূমিসেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রাজস্ব আদায়ে শতভাগ সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অ:দা:) মনিষা রানী কর্মকার বলেন, “চলতি অর্থবছরে শিবালয় উপজেলায় শতভাগ ভূমি উন্নয়ন কর ও ভিপি সম্পত্তির লিজমানি আদায় করা সম্ভব হয়েছে। এ সাফল্যের জন্য উপজেলার সচেতন ও দায়িত্বশীল জনগণের প্রতি এবং উপজেলার সাতটি ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি বলেন, সাধারণ মানুষের সময়মতো ভূমি উন্নয়ন কর ও ভিপি সম্পত্তির কর পরিশোধ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও রাজস্ব আদায় কার্যক্রমে একই ধারা বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শতভাগ রাজস্ব আদায় সরকারের রাজস্ব ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা বলেন, সুশাসন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং জনবান্ধব উদ্যোগের ধারাবাহিক বাস্তবায়নের ফলে শিবালয় উপজেলা ভূমি অফিস বর্তমানে সেবাপ্রদান ও রাজস্ব আদায়ে একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
এদিকে, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার তার অফিসিয়াল ব্যস্ততার মাঝেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলার ভূমি-সংক্রান্ত যেকোনো অভিযোগ পেলেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি সরেজমিন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট পক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে দীর্ঘদিন ধরে চলমান অনেক ভূমি বিরোধ ও জটিলতার দ্রুত নিষ্পত্তি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, ইউএনও'র এমন সক্রিয় উদ্যোগের ফলে ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সম্প্রতি, ইউএনও শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের কাতরাসিন, তেওতা ও শিমুলিয়া এলাকায় একাধিক ভূমি-সংক্রান্ত জটিলতা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ নেন। তাঁর এই কার্যকর ভূমিকার কারণে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। ভবিষ্যতেও আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকব।"
মাঠপর্যায়ে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে ভূমি বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি হবে এবং সাধারণ মানুষের প্রশাসনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে বলে সচেতন মহল মতামত দিয়েছেন।