ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় ৫ ডাকাত গ্রেফতার; ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার

author
স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার

প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ বিকেল ৪:০১
ad003
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 
শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ৩ জুলাই  রাত আড়াইটায় কুলাউড়া থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ কাউছার মিয়া (৩২), একই উপজেলার বেরিরচক গ্রামের মৃত নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৫), কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার পশ্চিম বিলেরপাড় গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মোঃ সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার সতিজিরগ্রাম গ্রামের আসুক আলীর ছেলে রেজাউল ইসলাম মামুন (২৮)।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (করোলা, রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-গ-১৩-৪৫৯৮), একটি হলুদ রঙের প্লাস্টিকের হাতলযুক্ত কাটার, একটি স্টিলের তৈরি সুইস গিয়ার ছুরি, একটি লোহার তৈরি রামদা এবং একটি লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ কাউছার মিয়ার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির ১১টি, জসিম মিয়ার বিরুদ্ধে ১২টি এবং মোঃ সালাউদ্দিনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

এছাড়া, পৃথক আরেকটি অভিযানে কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি চৌকস দল গত ২ জুলাই  রাত ১১টায় মৌলভীবাজার সদর থানার হাসপাতাল রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির মোট ১৪টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT