ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর বেনাপোল সফর ঘিরে আশাবাদী জনতা: অবশেষে কি মিলবে আধুনিক হাসপাতাল?

author
বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ দুপুর ২:১৮
ad003
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় হলেও উন্নত স্বাস্থ্যসেবার অভাবে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন এ অঞ্চলের মানুষ। সেই প্রেক্ষাপটে আগামী ১১ জুলাই স্বাস্থ্যমন্ত্রীর বেনাপোল সফরকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বেনাপোলে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু প্রয়োজনীয় জনবল, চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে এক দশক পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি কার্যত জনগণের কোনো উপকারে আসছে না।

স্থানীয়দের অভিযোগ, সামান্য জটিল রোগের চিকিৎসার জন্যও রোগীদের যশোর, খুলনা কিংবা ঢাকায় ছুটতে হয়। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবকিছুরই বাড়তি চাপ বহন করতে হয় সাধারণ মানুষকে।

বেনাপোল বন্দরকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বন্দরে প্রায় ৪ থেকে ৫ হাজার হ্যান্ডলিং শ্রমিক কর্মরত রয়েছেন। ভারী যন্ত্রপাতি ও পণ্য ওঠানামার কাজে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি ক্রেন দুর্ঘটনায় আহত এক শ্রমিক উন্নত চিকিৎসার অভাবে প্রাণ হারানোর ঘটনাও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, বেনাপোল থেকে সরকার বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ করে থাকে, যার বড় একটি অংশ আসে বেনাপোল বন্দর থেকে। অথচ এত গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক অঞ্চলে এখনো আধুনিক হাসপাতাল না থাকা অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য, সম্প্রতি শার্শার উলাশি জিয়া খাল খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানান। এ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা জনাব তারেক রহমান উপস্থিত জনতার সামনে বিষয়টির গুরুত্ব স্বীকার করে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন বলে অনুষ্ঠানে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে।

স্থানীয়দের বিশ্বাস, সেই আশ্বাসের ধারাবাহিকতায় আগামী ১১ জুলাই স্বাস্থ্যমন্ত্রীর বেনাপোল সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সফরে দীর্ঘদিন অচল পড়ে থাকা মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু করা, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে আশা করছেন তারা।

বেনাপোলবাসীর প্রত্যাশা, এবার আর শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে সীমান্ত জনপদের স্বাস্থ্যসেবা সংকটের স্থায়ী সমাধান হবে। তাদের ভাষায়, “দেশের অন্যতম বৃহৎ রাজস্ব আয়ের কেন্দ্র বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল এখন সময়ের দাবি, এটি আমাদের ন্যায্য অধিকার।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT