নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইনসহ দুইজনকে আটক করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিয়া বাজারের আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে অভিযান পরিচালনা করেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোল্লা সোহেল মাহমুদ। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় মো. সাহাবুল ইসলাম সাধন (৩৬) ও মো. ঝুমুর আলীকে (৩৪) আটক করা হয়। তারা দুজনই লালপুর উপজেলার ওয়ালিয়া (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৫ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।