ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

author
কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩
ad003
খুলনার কয়রা উপজেলার গোবরা এলাকায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে পিঠা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। রোববার ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কয়রা থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে শিশুটি নিজ বাড়ির পাশেই খেলছিল। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সে প্রতিবেশী সাইফুল মোল্লার বাড়ির বারান্দায় আশ্রয় নেয়। অভিযোগ রয়েছে, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সাইফুল শিশুটিকে পিঠা খাওয়ানোর কথা বলে ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।

একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঘরের ভেতরে ঢুকে মেয়েকে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করতে গিয়ে পাশে থাকা একটি কাঠের পিড়ি দিয়ে সাইফুলের মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন এবং শিশুটি তার কবল থেকে মুক্ত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন রোববার ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

কয়রা থানার ওসি (তদন্ত) হাসানুজ্জামান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT