প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। শিবালয় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
'চলো করি বৃক্ষরোপণ, কী করে তুলি সবুজ ভুবন'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলার বড় বোয়ালী কবরস্থানের পাশে অবস্থিত মাদরাসাতুল ইহসান আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণ এবং বড় বোয়ালী কবরস্থান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসএ জিন্নাহ কবীর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম বাবুল হোসেন বাবু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, নুরুজ্জামান আহমেদ জামান, সদস্য সচিব শহিদুল ইসলামসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।