ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

author
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৬:১৬
ad003
কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসার, নতুন উদ্ভাবনের সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী ১৬টি স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র, নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি এবং বিভিন্ন উদ্ভাবনী কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে উফশী রোপা আমনের বীজ, পেঁয়াজের বীজ, গ্রীষ্মকালীন বিভিন্ন শাক-সবজির বীজ, লেবু ও অন্যান্য বৃক্ষের চারা, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হবে।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির অনুমোদনক্রমে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, কৃষাণী, কৃষি উদ্যোক্তা এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে এ ধরনের কৃষি প্রযুক্তি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদনে উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর।
 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT