ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং

author
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৬:৫১
ad003
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ও কাইমপুর ইউনিয়নের প্রায় ৩০ হাজার গ্রাহকের দীর্ঘদিনের লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা নিরসনে নয়নপুর বাজারের পশ্চিম পাশে একটি ৩৩/১১ কেভি বৈদ্যুতিক সাব-স্টেশন (উপ-কেন্দ্র) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য জনাব মুসফিকুর রহমানের উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। নতুন সাব-স্টেশন চালু হলে বায়েক ও কাইমপুর ইউনিয়নের প্রায় ৩০ হাজার গ্রাহক উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

কসবা সদর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ ফিরোজ হোসেন জানান, গ্রাহকদের মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। সাব-স্টেশনটি চালু হলে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রকল্পের অংশ হিসেবে ইতোমধ্যে ২৪ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি বিতরণ লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের কারণে জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। নতুন সাব-স্টেশন নির্মিত হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা করছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT