ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ার সড়কের টেন্ডার বাতিল, কাজ বন্ধ: দুর্ভোগে হাজারো মানুষ

author
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৭:০৩
ad003
চার বছর ধরে নির্মাণকাজ বন্ধ। টেন্ডার বাতিল হলেও নতুন করে কাজ শুরুর কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। ফলে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের গুরুত্বপূর্ণ মগনামা-ফুলতলা-কইড়্যাবাজার ভায়া সড়ক এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। ধুলো, কাদা, জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়কে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ হাজারো মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা আশ্বাস মিললেও বাস্তবে কাজ এগোয়নি। অনুসন্ধানে জানা যায়, কয়েক বছর আগে সড়কটির উন্নয়নকাজ শুরু হলেও বিভিন্ন জটিলতা ও অনিয়মের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেন্ডার বাতিল করলেও এখন পর্যন্ত নতুন টেন্ডার আহ্বান বা নির্মাণকাজ শুরুর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, উঠে যাওয়া ইট ও ধসে পড়া অংশ রয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। রিকশা, সিএনজি, টমটম ও মোটরসাইকেল চালকদের প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

শিক্ষক আশেক বিন জলিল বলেন, বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে যেতে পারে না। ব্যবসায়ী আবু তালেব বলেন, ভাঙাচোরা সড়কের কারণে পরিবহন ব্যয় বেড়েছে এবং ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে। চালক মোজাফফর জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে, পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে।

স্থানীয় সাংবাদিক খোরশেদ বলেন, মগনামা-ফুলতলা-কইড়্যাবাজার সড়কটি ইউনিয়নের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনের প্রধান যোগাযোগপথ। চার বছর ধরে কাজ বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রেজাউল করিম বলেন, বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, পূর্বের ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত পুনরায় টেন্ডার আহ্বানের চেষ্টা চলছে।

সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, এটি পেকুয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করা উচিত।

এলাকাবাসীর দাবি, আর কোনো দীর্ঘসূত্রতা নয়—অবিলম্বে নতুন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণকাজ শুরু করতে হবে। বছরের পর বছর একটি গুরুত্বপূর্ণ সড়ক অচল থাকায় জনদুর্ভোগ অসহনীয় হয়ে উঠেছে বলে তারা অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT