ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তৈলারদ্বীপ সেতুর টোল ইজারা টেন্ডার বাতিলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

author
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৭:০৩
ad003
চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা প্রবেশপথের তৈলারদ্বীপ সেতুর টোলের ইজারা টেন্ডার বাতিল ও সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন অটোরিকশা, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকরা।

সোমবার (৬ জুলাই) সকালে বাঁশখালী উপজেলা সদরে চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন বাঁশখালী উপ-কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অটোরিকশা, বাস, পরিবহন শ্রমিক সংগঠনের বিপুলসংখ্যক শ্রমিকরা অংশ নেন।

মানববন্ধনে শ্রমিকরা বলেন, 'সেতুটি নির্মাণের পর দীর্ঘদিন ধরে টোল আদায়ের মাধ্যমে নির্মাণ ব্যয়ের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে। এরপরও নতুন করে টোল আদায়ের জন্য দরপত্র আহ্বান কেন। ৫ আগস্ট পরবর্তী গণশুনানির মাধ্যমে টোল বন্ধ হয়ে যায়। বিষয়টি সেখানে শেষ। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি দ্রুত সেতুর টোল ইজারা টেন্ডার বাতিল করে সেতুটি টোলমুক্ত ঘোষণা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে শ্রমিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।'

বিক্ষোভ ও মানববন্ধনে শ্রমিকরা চার দফা দাবি উত্থাপন করেন, দাবিগুলো হলো– তৈলারদ্বীপ সেতুর টোলের ইজারা অবিলম্বে বাতিল, সেতুটিকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণা, টোল আদায়ের কার্যক্রম স্থগিত রেখে জনস্বার্থে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করা।

এ সময় বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন তৈলারদ্বীপ সেতু টোল বন্ধ আন্দোলনের প্রধান সমন্বয়ক নেজাম উদ্দিন, চট্টগ্রাম জেলা কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা মো. জামসেদুল আলম, মোহাম্মদ উল্লাহ, মো. হোসেন, মোস্তফা আলী, মো. রাহুল, ইউনুস প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে শ্রমিকরা তৈলারদ্বীপ সেতুর টোল আদায়ের নতুন টেন্ডার প্রক্রিয়া বাতিল এবং সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।'
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT