রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিভিন্ন দাবির বিষয়ে তিনি ইতিবাচক এবং সবসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকবেন।
এসময় ভূমিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রাখা মরহুম মাদার বখশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি জানান, তাঁর বাবা ফয়েজ রহমানের নামে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এক সপ্তাহের মধ্যেই ১০ লাখ টাকা অনুদান প্রদান করবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত সংকটের প্রসঙ্গে তিনি বলেন, হল ও একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রয়োজনীয়তার বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে দ্রুত উপস্থাপন করবেন।
এছাড়া দুই বছর পর বিশ্ববিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাবেন বলেও জানান তিনি।
বড়কুঠি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে আনার বিষয়ে উপাচার্যের দাবির প্রসঙ্গ টেনে ভূমিমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, রাজশাহী-৩ আসনের সাংসদ মো. শফিকুল হক মিলন, রাসিক মেয়র মাহফুজুর রহমান রিটনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।