উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে নিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস।
সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র্যালি, বৃক্ষ বিতরণ, চেক বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো. আলিনুর খান, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, বিআরডিবির পরিচালক ফেরদাউসুর রহমান সহ সরকারি দপ্তরের কর্মচারী, কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সমবায়ের মাধ্যমে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। এটি ভবিষ্যতে বিশেষ করে বার্ধক্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে একাধিক ব্যক্তি যৌথভাবে ব্যবসা শুরু করতে পারেন। বিআরডিবিকে দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে তাদের জীবনমান উন্নয়নে ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে হবে।
পরে আলোচনা সভায় বক্তারা পল্লী এলাকার দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও তরুণদের উদ্যোক্তা তৈরিতে বিআরডিবির কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।