অসচ্ছলতা ও দুরারোগ্য ব্যাধির সঙ্গে প্রতিদিন লড়াই করা মানুষের মুখে স্বস্তির হাসি ফোটাতে পাবনায় ২০২৫–২০২৬ অর্থবছরে ২৪৯ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা তহবিল থেকে মোট ৪৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, "সরকারের উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন সমাজের সবচেয়ে অসহায় মানুষও তার ন্যায্য সহায়তা পাবে। মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ও কার্যকারিতা বাড়িয়ে চলেছে।"
তিনি আরও বলেন, অসুস্থতা বা দারিদ্র্য যেন কোনো পরিবারের জন্য অসহনীয় বোঝা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। তারা বলেন, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এ ধরনের উদ্যোগ সামাজিক বৈষম্য কমাতে সহায়ক।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় ২০০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা এবং ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ৪৯ জন উপকারভোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
চেক হাতে পেয়ে অনেক উপকারভোগী আবেগাপ্লুত হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এই সহায়তা চিকিৎসা ব্যয় ও পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।