টানা ভারী বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কা থাকায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করা হয়েছে। সোমবার ৬ জুলাই ২০২৬ ইংরেজি সকালে ও বিকেলে সরেজমিনে গিয়ে এ কার্যক্রম পরিদর্শন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী।
উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, টেকনাফ উপজেলা পরিষদ সিএ ছৈয়দ হোছাইন মামুন।
এ সময় ইউএনও টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ড সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ বসবাসকারী লোকজনদের সাথে কথা বলেন। তাদেরকে পাহাড় ধ্বসের ভয়াবহতা বুঝিয়ে সতর্ক করেন। পাশাপাশি ভারী বর্ষণের কারণে যেকোন দূর্ঘটনা এড়াতে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বারংবার অনুরোধ করেন। পাশাপাশি প্রশাসনের নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।
সিপিপির একটি টীম এ সময় জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণার কাজে সহযোগিতা করেন।
অন্যদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলোকে সতর্ক থাকতে ও দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সকাল থেকে টেকনাফ পৌরসভার বিভিন্ন জায়গায় মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারদের ঘরবাড়ি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। কয়েকদিন নাগাদ এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে তাই নিরাপদ স্থানে বা আত্মীয়স্বজনদের বাড়ীতে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এ নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাথে আমিও সবকিছুর খোঁজখবর রাখছি পাশাপাশি সিপিপিকেও সবদিকে খোঁজখবর রাখার জন্য ও প্রচার প্রচারণা চলমান রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো ছাড়াও ভারী বর্ষণের কারণে টেকনাফের কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে প্রশাসনকে জানাতে অনুরোধ করেন ইউএনও।
তাছাড়া ভারী বর্ষণের কারণে সদর ইউনিয়নের লম্বরী, পৌরসভার কুলাল পাড়া, নুর আহমদ ঘোনা সহ পৌরসভার অন্যান্য ওয়ার্ডে ও সকল ইউনিয়নের অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রে জানা যায়।
এদিকে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জনসাধারণকে সচেতন করতে ও নিরাপদে রাখতে আপডেট বার্তা দিয়ে প্রচার প্রচারণা চলমান রেখেছে একলাব পরিচালিত টেকনাফের একমাত্র সম্প্রচার গণমাধ্যম কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম।