ব্যাংক এশিয়া পিএলসির উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন দেশের ব্যাংক খাতের অন্যতম অভিজ্ঞ পেশাদার ব্যাংকার আলী রেজা ইফতেখার।
সোমবার (৬ জুলাই) থেকে নতুন এই দায়িত্ব পালন শুরু করেন তিনি।
দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকার আলী রেজা ইফতেখারকে এক বছরের জন্য উপদেষ্টা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে ব্যাংক এশিয়া।
ব্যাংক খাতে করপোরেট সুশাসন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার জন্য সুপরিচিত আলী রেজা ইফতেখার।
এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ১৯ বছর ইস্টার্ন ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন শেষে গত এপ্রিলে ওই ব্যাংক থেকে বিদায় নেন তিনি।
জানা গেছে, ২০০৭ সালে ইবিএলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকটির বার্ষিক মুনাফা ছিল প্রায় ৪২ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ২৫৭ কোটি টাকার কিছু বেশি। তার নেতৃত্বে ব্যাংকটির ব্যবসার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
বার্ষিক মুনাফা ৯০০ কোটি টাকা ছাড়ায়, আমানত ৫৭ হাজার কোটি টাকা এবং ঋণ বিতরণ ৪৮ হাজার কোটি টাকার ঘরে পৌঁছায়। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নেও ইবিএল দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত হয়।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঝুঁকি ব্যবস্থাপনা ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে বরাবরই গুরুত্ব দিয়ে এসেছেন আলী রেজা ইফতেখার। সঠিক গ্রাহক নির্বাচন, ঋণ প্রস্তাবের যথাযথ মূল্যায়ন, ঋণ বিতরণের পর নিবিড় তদারকি এবং কার্যকর পুনরুদ্ধার ব্যবস্থার ওপর জোর দেওয়ায় তার হাতে নতুন মাত্রা পায় ইবিএল। তার নেতৃত্বে দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে নিম্ন খেলাপি ঋণের হার ধরে রাখতে সক্ষম হয় ইবিএল।
ডিজিটাল লেনদেন সম্প্রসারণেও তার ভূমিকা উল্লেখযোগ্য। তার নেতৃত্বে ইবিএল অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সেবা এবং ডিজিটাল গ্রাহকসেবায় ব্যাপক বিনিয়োগ করে। এ সময় ব্যাংকটি আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতিও অর্জন করে। আন্তর্জাতিক আর্থিক সাময়িকী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ইবিএল একাধিকবার বাংলাদেশের সেরা ব্যাংক এবং ডিজিটাল ব্যাংকিংয়ে উৎকর্ষের স্বীকৃতি লাভ করে।
ব্যাংক খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নেও আলী রেজা ইফতেখারের বিশেষ অবদান রয়েছে। তার হাতে গড়ে ওঠা অনেক কর্মকর্তা বর্তমানে দেশের বিভিন্ন ব্যাংকের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।
ব্যাংক খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশি-বিদেশি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি দুই মেয়াদে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ব্যাংকিং খাতের বিভিন্ন নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উপদেষ্টা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংক এশিয়ার কৌশলগত পরিকল্পনা, করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে আলী রেজা ইফতেখার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।