শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণ মোকাবিলা ও হাতি-মানুষ সংঘাত কমাতে টাস্ক ফোর্স কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন উন্নয়ন (সীডস) প্রকল্পের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার খলচান্দায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। খলচান্দা ও জলুকোনা টাস্ক ফোর্স কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার টাস্ক ফোর্স কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচিটি স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত হয়।
প্রশিক্ষণে বন্যহাতির চলাচল, হাতির আক্রমণ প্রতিরোধে নিরাপদ কৌশল, জরুরি পরিস্থিতিতে করণীয়, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং টাস্ক ফোর্স সদস্যদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন ফরেস্ট বিট কর্মকর্তা কাউসার হোসেন, ইআরটি কমিটির সভাপতি আছমত আলী, টাস্ক ফোর্স কমিটির সভাপতি রমেশ কোচ এবং মাঠ সহায়ক হাসি স্নাল। বক্তারা বলেন, বন্যহাতি সংরক্ষণের পাশাপাশি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ, সচেতনতা এবং প্রশিক্ষিত টাস্ক ফোর্সের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ হাতি-মানুষের সংঘাত হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।