ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ককটেল ফাটিয়ে ডিবি পুলিশের হাত থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ সকাল ৮:৪১
ad003
মাদারীপুরে একাধিক মামলার আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত, মাদক ব্যবসায়ী পারভেজ ব্যাপারীকে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আবু নাঈম। 

ডিবি ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পারভেজ ব্যাপারীকে একটি খুপচি ঘরের ভিতর ঘেরাও করে। 

 পুলিশের উপস্থিতি টের পেয়ে পারভেজের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে সেই সুযোগে তারা পারভেজকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ সময় ওই খুপচি ঘরের ভিতর ফেলে রাখা ব্যাগ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

 ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, পারভেজকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে একটি পুকুরপাড়ে নেওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা তার সহযোগীরা হঠাৎ একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে পারভেজকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT