গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে কৃষক ও গবেষকদের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চাষি মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) আয়োজিত ‘বার্ষিক কর্মশালা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, টেকসই কৃষি উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, গবেষক ও মাঠপর্যায়ের কৃষকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা জরুরি। তিনি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ কার্যক্রমের ইতিহাস তুলে ধরে এ ধরনের কর্মশালার গুরুত্বও তুলে ধরেন।
বক্তব্যের শুরুতে তিনি ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণ করেন। সে সময়ের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রকামী ছাত্র-জনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তারা দেশের মুক্তিকামী মানুষের কাছে ঘৃণিত হয়ে থাকবে।
বাউএকের পরিচালক অধ্যাপক ড. ইফফাত আরা মাহজাবীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য দেন বাউএকের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফরোজা বেগম এবং সঞ্চালনা করেন ইসমত আরা রুমি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ইফফাত আরা মাহজাবীন বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ভবিষ্যতেও বাউএক কৃষকবান্ধব প্রশিক্ষণ ও কর্মসূচি অব্যাহত রাখবে।
দিনব্যাপী কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের ৭৮ জন নির্বাচিত কৃষক ও কৃষাণী অংশ নেন। তাদের আধুনিক চাষাবাদ, ফসলের রোগবালাই ব্যবস্থাপনা এবং উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।