ঝিনাইদহ সদর উপজেলায় একটি বেগুন ক্ষেত থেকে সাতটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ| এ সময় ফারুক মন্ডল নামের এক যুবককে আটক করা হয়েছে|
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশের একটি জমি থেকে এসব গাঁজার গাছ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান| আটক ফারুক মন্ডল চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের ছেলে|
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্প অভিযান পরিচালনা করা হয়| অভিযানকালে চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের বেগুন ক্ষেত থেকে প্রায় ৭ ফুট উচ্চতার সাতটি গাঁজার গাছ উদ্ধার করা হয়| উদ্ধার করা গাছগুলোর ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম| যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা|
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে যোগ করেন ওসি|