নারীর অর্থনৈতিক ক্ষমতায়নই প্রকৃত মুক্তির পথ, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম সেলিমা আহমাদের এই দর্শন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে তাঁর স্মরণে বিডব্লিউসিসিআইর ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘উই সেলিমা’ (ওম্যান এন্টারপ্রেনিউরস, স্কিলস, এমপ্লয়মেন্ট, লিডারশিপ, আইসিটি থ্রু মেন্টরশিপ অ্যান্ড অ্যাক্সিলারেশন) ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান ক্লাবে সেলিমা আহমাদের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া, স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাঁর জীবন, কর্ম ও নারী উদ্যোক্তা উন্নয়নে অবদানের ওপর নির্মিত ‘জার্নি অব সেলিমা আহমাদ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি তাঁর স্মরণে একটি ডিজিটাল স্মারক ক্রেস্ট উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিডব্লিউসিসিআই’র সভাপতি সঙ্গীতা আহমেদ বলেন, সেলিমা আহমাদের দূরদর্শী নেতৃত্ব, নিরলস পরিশ্রম এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে তাঁর আজীবনের অবদান সংগঠনটির পথচলার প্রেরণা হয়ে থাকবে। তাঁর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে বিডব্লিউসিসিআই কাজ করে যাবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিডব্লিউসিসিআইর ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘উই সেলিমা’ ক্যাম্পেইনের উদ্বোধন। বিডব্লিউসিসিআইর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মতলুব আহমাদ মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে বছরব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান, নেতৃত্ব বিকাশ, আইসিটি দক্ষতা, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, মেন্টরশিপ, উদ্ভাবন ও বাজারসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বিডব্লিউসিসিআইর পরিচালক রিদমা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন উন্নয়ন সহযোগী সরাসরি ও অনলাইনে যুক্ত হয়ে সেলিমা আহমাদের প্রতি শ্রদ্ধা জানান। ভিডিও ও লিখিত বার্তা পাঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু উইলসন, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, শ্রীলঙ্কা উইমেন চেম্বার অব কমার্সের চিত্রাঞ্জলি দিসানায়েকে এবং আইসিসি ওয়ার্ল্ড চেম্বার্স ফেডারেশনের চেয়ার মেরি-ক্রিস্টিন ওগলি। এছাড়া স্মৃতিচারণ করেন বিডব্লিউসিসিআই’র বোর্ড সদস্য তানিয়া করিম, সেলিনা কাদের, প্রীতি চক্রবর্তী, লিপি খন্দকার, শাহানা জেফরিন প্রমূখ।
অনুষ্ঠানে সেলিমা আহমাদের স্বামী ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মতলুব আহমাদ আবেগঘন বক্তব্যে তাঁর প্রয়াত সহধর্মিণীর কর্মময় জীবন ও নারী উদ্যোক্তা গড়ে তোলার অবদানের কথা তুলে ধরেন। এছাড়া বিডব্লিউসিসিআইর পরিচালক নুসরাত আমিন মির্জা ধন্যবাদ জানান। পরে উপস্থিত সবাই সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান ‘ধন ধান্য পুষ্প ভরা’ পরিবেশন করেন। অতিথিরা স্মৃতিচারণ বইয়ে স্বাক্ষর, ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং সৌহার্দ্য বিনিময়ে অংশ নেন।
উল্লেখ্য, গত ২১ জুন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমা আহমাদ মারা যান।