যশোরের চৌগাছা উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডুকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ৬ জুলাই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, পত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে বর্তমান কর্মস্থল চৌগাছা উপজেলা পরিষদ ত্যাগ করে বাগেরহাটের শরণখোলা উপজেলায় যোগদান করতে হবে।
জানা গেছে, কয়েকদিন আগেই সিদ্ধার্থ কুমার কুণ্ডুকে চৌগাছা থেকে নড়াইলের কালিয়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে ওই বদলি কার্যকর না করে তিনি স্থানীয় এক নেতার সহযোগিতায় তদবিরের মাধ্যমে চৌগাছায় স্বপদে বহাল থাকার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব অভিযোগের মধ্যেই পুনরায় তাকে স্ট্যান্ড রিলিজ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।