কিশোরগঞ্জের কটিয়াদীতে অতিবৃষ্টির ফলে এইচএসসি পরীক্ষার ডা. আব্দুল মান্নান কলেজ কেন্দ্রের দুটি ভবনের নিচতলার দুটি বড় কক্ষ ও মাঠে পানি উঠে পড়ায় পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে উপজেলা প্রশাসনের নির্দেশে জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনে ১৭০ জন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে ।
বুধবার সারারাত ও সকালে বৃষ্টি পড়া অব্যাহত থাকায় উপজেলার ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দুটি ভবনের নিচতলার দুটি কক্ষ ও কেন্দ্রের আঙিনা পানিতে তলিয়ে যায়। এতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে কেন্দ্র কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ করে বিকল্প ভেন্যুতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেন।
ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রে ৬৮৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুটি কক্ষে মোট ১৭০ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা ছিল। দ্রুত আসন বিন্যাস (সিট প্ল্যান) সম্পন্ন করে তাদেরকে কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনে স্থানান্তর করা হয় এবং নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু করা হয়।
কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। অতি বৃষ্টির কারণে ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রের নিচতলার দুটি কক্ষে বৃষ্টির পানি উঠার ফলে এইচএসসি পরীক্ষার ১৭০ জন পরীক্ষার্থী আদর্শ বিদ্যানিকেতনে সরিয়ে আনার নির্দেশ দেন উপজেলা প্রশাসন । ফলে আমাদের স্কুলের পরীক্ষার্থীদের অন্য কক্ষে সরিয়ে জরুরি ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কক্ষ ছেড়ে দিয়েছি।
ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) মিজানুর রহমান প্রদীপ জানান, সারারাতের বৃষ্টিতে কলেজের নিচতলা ও মাঠে পানি উঠে যায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী দুটি কক্ষের ১৭০ জন পরীক্ষার্থীর পরীক্ষা বিকল্প ভেন্যুতে নেওয়ার ব্যবস্থা করা হয় । সেখানে তারা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারছে।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ জানান, পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ জানান, পরীক্ষা ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রের নিচতলায় পানি ওঠায় শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনকে বিকল্প ভেন্যু হিসেবে অনুমোদন নেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পরীক্ষার্থীদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।