ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ঘুমন্ত গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ দুপুর ১:০৪
ad003
নেত্রকোণায় ঘুমন্ত গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি মো. আবুল কাশেম (৪০)কে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

বুধবার (৮ জুলাই) ভোর আনুমানিক ৩টা ৫৫ মিনিটে নেত্রকোণা পৌরসভার সাতপাই পশ্চিম বিলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কাশেম নেত্রকোণা সদর উপজেলার দিগজান গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোণা মডেল থানার মামলা নং-০৪/২৭৭, তারিখ ২ জুলাই ২০২৬-এর এজাহারভুক্ত আসামি আবুল কাশেমের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৮/৩০২/৩৪ ধারায় মামলা দায়ের রয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) শেখ তৌফিকুল আমিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। 

পরে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে নেত্রকোণা মডেল থানার বেতাটি গ্রামের নিজ বাড়িতে স্বামী ইসলাম উদ্দিনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন ছফুরা আক্তার। অভিযোগ অনুযায়ী, পূর্ববিরোধের জেরে আবুল কাশেম অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করেন।

এ সময় ঘুমন্ত অবস্থায় কোনো ধরনের কথা-কাটাকাটি ছাড়াই আবুল কাশেম ধারালো ছুরি দিয়ে ছফুরা আক্তারের তলপেটের ডান পাশে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্বজনরা গুরুতর আহত ছফুরা আক্তারকে প্রথমে নেত্রকোণা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্বামী ইসলাম উদ্দিন বাদী হয়ে আবুল কাশেমকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন সরকার বলেন, "গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এই হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।"

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্তও চলমান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT