ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল পঞ্চগড় সফরে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

author
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ৭:১০
ad003
পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি আগামীকাল ১০ জুলাই থেকে তিনদিনের সরকারি সফরে পঞ্চগড় জেলায় আসছেন। বাংলাদেশ সচিবালয় থেকে আজ এ সংক্রান্ত একটি অফিসিয়াল আদেশ জারি করা হয়েছে। 

প্রতিমন্ত্রী ১০, ১১ ও ১২ জুলাই পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় নদীভাঙন, অগ্নিকাণ্ড, জলাবদ্ধতা ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। সফরের প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে ৬ টায় ঢাকার মিনিস্টার্স এপার্টমেন্ট থেকে রওয়ানা হয়ে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি সরাসরি সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ চৌধুরীপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ করবেন। 

এদিন তিনি পঞ্চগড়-নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বোদা ও দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীর ভাঙন কবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা পরিদর্শন করবেন। একই সাথে বোদা উপজেলায় প্রয়াত আব্দুল মতিনের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করবেন। সন্ধ্যা ৭ টায় পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। 

শনিবার সকাল ১০ টায় পঞ্চগড় জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। এরপর তিনি বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষক সমাবেশ, সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ এবং দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলা ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। 

সফরের শেষ দিন রবিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি দুপুরে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। জানা গেছে, এই সরকারি সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো: আবু রায়হান দোলন, সহকারী একান্ত সচিব মো: জহিরুল ইসলাম বাবু এবং তার দপ্তরের কর্মচারীরা সফরসঙ্গী হবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT