ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাঙা রেললাইনে পাটের বস্তা ও খড় দিয়ে আটকে পড়া ট্রেন পারাপার করলে প্রায় ত্রিশ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে মশাখালী রেলওয়ে স্টেশনের ছেড়ে আসার পর ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন যাত্রা বিঘ্নিত হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গফরগাঁও -মশাখালী স্টেশনের মধ্যবর্তী ফকিরবাড়ী এলাকার রেল লাইনে ভাঙা দেখতে পান স্থানীয়রা । এ সময় দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন মশাখালী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
এ সময় ভাঙা এলাকায় আসার আগেই স্থানীয়রা ট্রেন থামাতে সংকেত দিলে ট্রেনটি থেমে যায় ।এতে অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। খবর পেয়ে সংশ্লিষ্টরা গফরগাঁও থেকে গিয়ে ভাঙা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে আটকে কমিউটার ট্রেনটি পার করে । এতে প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।
তিনি আরও বলেন, ভাঙা রেললাইনটি মেরামতের কাজ চলছে । ভাঙা রেললাইন এলাকা ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে । রেল লাইন মেরামতের কাজ চলছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে ঠিক হবে । তবে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।