কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে একটি ছোট ডিঙি নৌকা ডুবে সিরাজ মোড়ল (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন।
নিখোঁজ সিরাজ মোড়ল উপজেলার বাহাদিয়া গ্রামের মোড়ল বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় বাহাদিয়া নামা বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে নিজের ছোট ডিঙি নৌকায় করে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কাটতে যান সিরাজ মোড়ল। ঘাস কেটে ফেরার পথে নদীর মাঝামাঝি এলাকায় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এতে তিনি নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।
স্থানীয় বাসিন্দা মোস্তফা বলেন, “সিরাজ মোড়ল সম্পর্কে আমার চাচা, প্রতিদিনের ন্যায় আজকেও নদী পার হয়ে ঘাস কাটতে গিয়ে ফেরার সময় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।ইতোমধ্যে ফায়ার সার্ভিস,ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয় নি।
ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন। স্থানীয়রাও নদীতে নৌকা নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, “নৌকাডুবির বিষয়টি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছেন।”