ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় আট বছরের কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে লিটন বিশ্বাস (৫৫) নামের এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ| শুক্রবার দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়|
স্থানীয়রা জানায়, দুপুরে ওই দোকানি এক শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে যৌন হয়রানি করে| শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়| পরে পুলিশে খবর দিয়ে পুলিশ তাকে আটক করে| এর আগেও লিটনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠে বলে জানিয়েছেন স্থানীয়রা|
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ লিটন বিশ্বাসকে থানায় আনা হয়েছে| পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে|