টানা কয়েকদিনের ভারী বর্ষণে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যা, জলাবদ্ধতা ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, জনপ্রতিনিধি গণ।
এছাড়াও তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা, পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ বসবাসকারী এলাকা, সরকারি আশ্রয়ণ প্রকল্প, ভেঙে যাওয়া বসতঘর, পানিবন্দি সড়কসমূহ, আশ্রয়কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন।
পরিদর্শনের এক পর্যায়ে কান্জর পাড়া এলাকায় সড়কের ওপর গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত গাড়ি চালকের খোঁজখবরও নেওয়া হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী তাৎক্ষণিকভাবে ব্যক্তিগতভাবে আর্থিক ৫০০০ টাকা অনুদান প্রদান করেন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
উপস্থিত নের্তৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং যেসব এলাকায় ঝুঁকি রয়েছে, সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী বলেন, উখিয়া টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মহোদয়ের সাথে যোগাযোগ সাপেক্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে। সকলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। সিপিপিকেও সবসময় মাঠে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সাথে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ বসবাসকারী যারা আছেন তাদেরকে নিরাপদ কোন স্থানে চলে যেতে অনুরোধ করছি। তিনি আরও বলেন ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা করে সহযোগিতার আওতায় আনা হবে।