ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাই গরুর আস্তানায় টানা দুই রাতের অভিযান, নেত্রকোণায় উদ্ধার ১৭ গরু

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ৭:১৫
ad003
টানা দুই রাত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। 

এ সময় চোরাই গরু সংরক্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) ভোররাত এবং পরবর্তী মধ্যরাতে নেত্রকোণা সদর উপজেলার মদনপুর পূর্বপাড়া এলাকায় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন সরকারের দিকনির্দেশনায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন এসআই মোশারফ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন, এসআই মিনহাজুল হক আকিল, এসআই শেখ তৌফিকুল আমিনসহ পুলিশের একটি চৌকস দল।

প্রথম অভিযানে মো. আব্দুস ছালামের গোয়ালঘর থেকে ৭টি, রফিকুল ইসলামের গোয়ালঘর থেকে ৩টি এবং লুত মিয়ার গোয়ালঘর থেকে আরও ৩টিসহ মোট ১৩টি গরু উদ্ধার করা হয়।

এরপর একই এলাকায় মধ্যরাতে পুনরায় অভিযান চালিয়ে আজিম মিয়ার গোয়ালঘর থেকে ২টি এবং মো. অনিক মিয়ার গোয়ালঘর থেকে আরও ২টিসহ মোট ৪টি গরু উদ্ধার করে পুলিশ। 

টানা দুই রাতের অভিযানে সর্বমোট ১৭টি গরু উদ্ধার করে জব্দ তালিকার মাধ্যমে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় মদনপুর পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মো. আব্দুস ছালামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩৮০/৪১১ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানায় পুলিশ। 

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিকদের শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। 

এরই মধ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে কয়েকজন নেত্রকোণা মডেল থানায় এসে উদ্ধার হওয়া সাতটি গরু নিজেদের বলে দাবি করেছেন।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন সরকার বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে উদ্ধার হওয়া গরুগুলো হস্তান্তর করা হবে। একই সঙ্গে চোরাই গরু চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এই ধারাবাহিক অভিযানে অল্প সময়ের ব্যবধানে বিপুল সংখ্যক চোরাই গরু উদ্ধার হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT