নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর পবনকুল এলাকায় দীর্ঘ প্রায় ২৫ বছরের অবহেলা ও দুর্ভোগের অবসান ঘটাতে রাস্তা পুনর্নির্মাণ এবং ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সকালে উত্তর পবনকুল এলাকায় শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এলাকাবাসীর দাবি, উত্তর পবনকুল আজহার রোড থেকে পেইরাবিল ক্যানেল পর্যন্ত প্রায় ১ হাজার ৬৬০ ফুট সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য দেন উত্তর পবনকুল বাইতুল আকসা জামে মসজিদ কমিটির সভাপতি ডা. মাজহারুল ইসলাম আযহার, স্থানীয় বাসিন্দা ইউসুফ, ইব্রাহিম, রোবেল, আলমগীরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, উত্তর পবনকুল এলাকার বাসিন্দারা নিয়মিত পৌর কর পরিশোধ করলেও তারা মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বছরের পর বছর ধরে রাস্তার বেহাল অবস্থা এবং ড্রেন না থাকায় বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অনেক সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ মানুষকে কাদা ও পানি মাড়িয়ে চলাচল করতে হয়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে এলাকাবাসী শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। দ্রুত সড়ক পুনর্নির্মাণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
সমাবেশ থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারাবো পৌরসভা এবং স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ, প্রবীণ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা দ্রুত রাস্তা ও ড্রেন নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।