মুন্সীগঞ্জের শ্রীনগরে তেলবোঝাই একটি কাভার্ডভ্যান ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে লুণ্ঠিত ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল, একটি কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর ও বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল, একটি কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।