কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. সাইফুল শেখ (৩২) নামের এক সাবেক প্রবাসী শাখার যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃত সাইফুল শেখ মিরপুর উপজেলার ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাজী মোলাম শেখের ভাতিজা, চৌদুয়ার শেখ পাড়া গ্রামের মো. চাঁদ আলী শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ উপজেলার নিমতলা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাইফুল শেখকে গাঁজা এবং মাদক সেবনের কলকীসহ হাতেনাতে আটক করা হয়।
আটকের পর আসামিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইশিতা আক্তার ফৌজদারী কার্যবিধির সংশ্লিষ্ট ধারা মোতাবেক সংক্ষিপ্ত বিচারকার্য পরিচালনা করেন।
আদালতের বিবরণী অনুযায়ী, বিগত ১১ জুলাই ২০২৪ খ্রি. তারিখে ১৭৪/২৪ নম্বর মামলার রায়ে আসামি মো. সাইফুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
আদালতের নির্দেশনানুযায়ী সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর ভূমিকাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।