ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় প্রায় ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ১০:০২
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় প্রায় ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে মধ্য পাকুন্দিয়া মৌসুমি সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে পুলেরঘাট রোড পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। নগর সুশাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর আওতায় এলজিইডি এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ ও আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল, সদস্য সচিব শাহিন আলম জনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হওয়ায় তারা আনন্দিত। তাদের মতে, সড়কটি উন্নয়ন হলে কাদা-পানি ও ভাঙাচোরা রাস্তার দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবং পৌর এলাকার জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

এ সময় বক্তারা বলেন, পাকুন্দিয়া পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার ও স্থানীয় প্রশাসনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT