ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে সময় লাগবে: হুইপ জি কে গউছ

author
হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ১০:১২
ad003
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি বলেছেন, আমাদের সরকার মাত্র ৪ মাস বয়সী। ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে সময় লাগবে। জোর করে একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। জনগণের প্রত্যাশা পূরণে তাদের দৃশ্যমান কোন ভূমিকা ছিলনা। কারণ জনগণের কাছে তাদের কোন দায়বদ্ধতা ছিলনা। 

তিনি বলেন, আমাদের গায়ে যে কলঙ্ক ছিল বিশেষ করে জনপ্রতিনিধিরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই কলঙ্ক থেকে আমরা আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বেরিয়ে আসতে চাই। সে জন্যই আমরা স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি কাজের ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করছি।

শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদল নেতা অ্যাডভোকেট গুলজার খান প্রমুখ।

হুইপ জি কে গউছ এমপি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিএনপির প্রতিটি পদক্ষেপ জনকল্যাণে। খোয়াই নদীর সমস্যা ১৭ বছরের। এ সময়ে বিভিন্ন বিষয়ে মানুষকে শুধু ধামাচাপা দেয়া হয়েছে। আমরা মনে করি জনগণ এবং প্রশাসন যদি মিলেমিশে কাজ করি তবে অনেক সমস্যারই সমাধান করা সম্ভব।

তিনি বলেন, নদীর বাঁধ সংস্কারে ৭ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাঁধের মেরামত কাজটি চলমান আছে। যত দ্রুত সম্ভব খোয়াই নদীর বাঁধের দুর্বল অংশ সংস্কার করা হবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT