ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কত বছরে পা রাখলেন চিত্র নায়িকা পূর্ণিমা

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ১০:৩৮
ad003
বয়স বাড়লেও সৌন্দর্য, ব্যক্তিত্ব আর তারুণ্যদীপ্ত উপস্থিতিতে আজও দর্শকদের বিস্মিত করেন ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। 

আজ শনিবার (১১ জুলাই) এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে আজ ৪৫ বছরে পা রাখলেন পূর্ণিমা।

১৫ বছর বয়সেই চলচ্চিত্রে পথচলা শুরু হয় তার। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক ঘটে। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

২৮ বছরের অভিনয়জীবনে প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। তবে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন রিয়াজের সঙ্গে। এছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতেই দেখা গেছে তাকে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘শাস্তি’, এবং রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও সফল তিনি। ছোট পর্দায়ও নিজের উপস্থিতি জানান দিয়েছেন। জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’-তে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT