ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে মব সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ সকাল ১০:৫৪
ad003
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নবনিযুক্ত পরিচালক ডা. এস.এম মনিরুজ্জামানকে মব করে লাঞ্ছিত করা সহ তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কক্ষে তালা লাগানোসহ সারাদেশে মব সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল সচেতন নাগরিক সমাজ। 

শনিবার (১১ জুলাই) বেলা ১১ টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে 'বরিশাল সচেতন নাগরিক সমাজ' ব্যানারে ডাক্তার , নার্স, মেডিকেল শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের অংশগ্রহনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাব এর বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি ডা. অধ্যাপক আজিজ রহিমের সভাপতিত্বে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বরিশাল বিভাগের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, শের-ই-বাংলা হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ এ কে এম আমিনুল হক, পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম আবুল হাসান, মৈর-ই-বাংলা মেডিকেল কলেজ ড্যাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ডাক্তার আনোয়ার হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ন্যাব) বরিশাল শাখার সভাপতি মমতাজ পারভীন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক তুহিন আরাফাত, মেডিকেল কলেজ ছাত্রদল নেতা জাবের বিন ফয়সাল ও আবদুল্লাহ আল ফাহিদ, বরিশাল শিক্ষক- কর্মচারী ঐক্যজোট নেতা মোঃ মনিরুজ্জামান, গণসংহতি আন্দোলন জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, বরিশালস্থ বাউফল সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ,২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বরিশাল মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ জাকির হোসেন মিন্টুসহ কয়েকশত পেশাজীবী সংগঠক বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ড্যাবের ব্যনারে বিগতদিনে আওয়ামী সুবিধাভোগী মেডিকেল কলেজের কিছু শিক্ষক ও শিক্ষার্থী বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নবনিযুক্ত পরিচালক ড্যাব নেতা ডা. এস.এম মনিরুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মব সৃষ্টি করে তার কার্যালয়ে তালা মেরে দেয়। যারা এই মব তৈরী করেছে তাদেরকে বিগতদিনে জনগণের পক্ষের কোনো আন্দোলনে দেখা যায়নি। 

মুলত বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে ও ড্যাবকে বিতর্কিত করতেই আওয়ামী সুবিধাভোগীদের এই অপচেষ্টা। সরকার সম্প্রতি ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগের স্বাস্থ্য দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করেছে। কিন্তু কিছু স্বার্থন্বেষী গোষ্ঠী তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে বরিশাল স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ডা. এস এম মনিরুজ্জামান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। অতীতে তিনি পেশাজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

বক্তারা আরও বলেন, সাবেক ছাত্রদল নেতা ডাঃ মনিরুজ্জামানের নিয়োগকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরিকারী ডাঃ নজরুল ইসলাম সেলিম ও তার নেতৃত্বে থাকা গুটি কয়েক ছাত্রলীগ ঘরোনার শিক্ষার্থী ফায়দা নেয়ার চেষ্টা করছে। তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। সাধারণের আবারনে তারা ফ্যাস্টিস্ট পতিত সরকারের মুখোশধারী। অভ্যূত্থানের পরবর্তী সময় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে এই সকল মুখোশধারীরা অতি তৎপর রয়েছে। তাদের উদ্দেশ্য অস্থিরতা দেখিয়ে জনমনে সরকারের প্রতি অনাস্থা তৈরি করা। কিন্তু এই কূটকৌশল ইতোমধ্যে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। বরিশালের জনগণ এই মব সংস্কৃতি কোনভাবেই মেনে নেবে না। আমরা বরিশালের সাধারণ জনগণ এই মবের বিপক্ষে। জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে নির্বাচিত করছে। তাই নির্বাচিত সরকারের যেকোন সিদ্ধান্তকে মব সংস্কৃতির মাধ্যমে বিতর্কিত করা গণবিরোধীতার সামিল। তাই অবিলম্বে অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার কর্তৃক নিয়োগকৃত পরিচালকের বিরুদ্ধে সকল অপতৎপরতা বন্ধ করতে হবে। মব করে নব নিযুক্ত পরিচালককে হেনস্তার সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা বরিশালের সচেতন জনগণ নিয়ে এদের কঠিন জবাব দেয়া হবে।

উপস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বলেন, ২৪'র অভ্যুত্থানে মনিরুজ্জামান শাহীন স্যার আমাদের নানানভাবে সহযোগিতা করেছেন। অর্থ, পরামর্শ ও চিকিৎসা দিয়ে সরাসরি যুক্ত ছিলেন। আজকে যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারাই বরং জুলাই আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের এমপি জাহিদ ফারুক শামীমের অনুসারী ছিলেন এবং এখনো আছে।

বক্তারা আরো বলেন, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ২৪'র জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে স্বৈরতন্ত্রের, ফ্যাসিবাদ ও মব কালচারের চির বিদায় হয়েছে। নির্বাচিত সরকার দ্বায়িত্ব নিয়েছে। যুগন্তকারীকালে বাংলাদেশের কোনো প্রান্তে আগামীদিনে যাতে আর মব সন্ত্রাস না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভুমিকা রাখার আহবান জানান তারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT