মাত্র আট দিনের ব্যবধানে আবারও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল। টানা ভারী বৃষ্টিতে নগরীর বহু এলাকায় হাঁটুসমান, কোথাও কোথাও তারও বেশি পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রিকশা ও ইজিবাইকচালকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এর আগে ১ জুলাই মাত্র ৩০ মিলিমিটার বৃষ্টিতেই খুলনা শহরের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় ডুবে গিয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে আবারও একই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নগরবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। অনেক এলাকায় ঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। দিনমজুর, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজে বের হতে না পারায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। ফলে অনেক পরিবারের রান্নার চুলাও জ্বলছে না।
গল্লামারী এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, "কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। অনেকের ঘরে খাবার নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ঠিকমতো যেতে পারছে না। এদিকে অটোরিকশা ও রিকশার ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সবচেয়ে বেশি কষ্টে আছে সাধারণ মানুষ।
নগরীর বিভিন্ন সড়কে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক স্থানে ইজিবাইক ও রিকশা বিকল হয়ে পড়ছে। পথচারীদেরও পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও রোগীদের ভোগান্তি আরও বেড়েছে।
নগরবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের জলাবদ্ধতার পুনরাবৃত্তি হলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।