টানা ভারী বর্ষণ, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা ৭৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
শনিবার (১১ জুলাই) চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা এবং আশ্রয়কেন্দ্রে গিয়ে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রেয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা ৩৬টি পরিবার, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭টি পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রয় নেওয়া ২২টি পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষের খোঁজখবর নেওয়া, পরিস্থিতি পর্যবেক্ষণ, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে যাতায়াতে সহায়তা এবং প্রয়োজন হলে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আলীকদম ব্যাটালিয়ন জানায়, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর মতো মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা, বিজিবির সদস্য, জনপ্রতিনিধি এবং
প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।