টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত আলীকদম উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
শনিবার (১১ জুলাই) দিনব্যাপী তিনি বন্যাকবলিত এলাকাগুলো ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
পরিদর্শনের সময় অনেক পরিবারই ঘরবাড়ি, ফসলি জমি ও যোগাযোগব্যবস্থার ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিকেলে আলীকদম উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বন্যাকবলিত এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। সেখানে উপস্থিত ব্যক্তিরা বন্যার কারণে সৃষ্ট নানা সমস্যা, জরুরি প্রয়োজন এবং পুনর্বাসনসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য বলেন, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় প্রশাসন জানায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের তৎপরতা চলবে বলেও জানানো হয়।