নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে বিরোধের জেরে বিল্ডিং ঘর ভাঙচুর, দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া এবং কলাবাগান কেটে ফেলার অভিযোগে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শহিদুল্লাহ (৫৫), মৃত সুরুজ আলীর ছেলে। তিনি মনোহরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা। অভিযোগে একই এলাকার মৃত হযরত আলীর ছেলে লোকমান হোসেন (৪৭)-কে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রথমে ৪ শতাংশ জমি পৈত্রিক সূত্রে পাওয়া মালিক লোকমান সে জমি বিক্রি করে অ্যাডভোকেট নয়ন মোল্লার কাছে পরবর্তীতে নয়ন মোল্লা তিনি জমিটি তার স্ত্রী শিরিনা পারভীন রোজীর নামে হস্তান্তর করেন। পরে শিরিনা পারভীন রোজীর কাছ থেকে সাব-কউলা দলিলের মাধ্যমে জমি ও সেখানে থাকা একটি দুই চালা টিনশেড বিল্ডিং ক্রয় করেন শহিদুল্লাহ। বর্তমানে তিনি দলিলমূলে জমি ও ঘরটি ভোগদখলে রয়েছেন।
অভিযোগে বলা হয়, শিরিনা পারভীন রোজী যাতে শহিদুল্লাহর কাছে জমিটি বিক্রি না করেন, সে জন্য অভিযুক্ত লোকমান হোসেন তাকে চাপ ও নিষেধ করেছিলেন। লোকমানের কাছে জমিটি বিক্রি না করায় তিনি ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে ক্ষতিসাধনের চেষ্টা করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৯ জুলাই ২০২৬ রাতের আঁধারে অভিযুক্ত লোকমান হোসেন লোকজন নিয়ে অভিযোগকারীর বাড়িতে অনধিকার প্রবেশ করে দুই চালা টিনশেড বিল্ডিংটি ভাঙচুর করেন। এ সময় ঘরের দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া হয় এবং বাড়ির সামনে থাকা কলাবাগান কেটে ফেলা হয়। এতে প্রায় ৭০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত লোকমান হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।