ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

author
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ৫:৫৬
ad003
ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন শাকসবজি ও পেঁয়াজ ফসলের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপস্থিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সরকারি প্রণোদনার আওতায় উন্নতমানের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, পেঁয়াজের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুল ইসলাম হামিদ ও ইসরাইল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আরও সমৃদ্ধ করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উন্নতমানের বীজ ও সার সরবরাহ করা হচ্ছে। এতে গ্রীষ্মকালীন শাকসবজি ও পেঁয়াজের আবাদ বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পাওয়ায় তাদের চাষাবাদের খরচ কমবে এবং অধিক ফলন অর্জনে সহায়তা করবে। ভবিষ্যতেও এ ধরনের কৃষিবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT