সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বিশিষ্ট আইনজীবী, পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে জমির উদ্দিন সরকারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, কৃতি আইনজীবী, সফল মন্ত্রী ও দক্ষ স্পিকারকে হারালো। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ছাড়াও গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।