খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন কৈয়া বাজার সংলগ্ন নতুন আবাসিক এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হরিনটানা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাড়ির আঙিনা খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করে। পরে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
হরিনটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রমজান মাসের কোনো এক সময়ে অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়া হয়। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয়, হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, কঙ্কালের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।