পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুইজনকে মাদকসহ এবং তিনজনকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শর্ষিনা গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে মো. মিজান (৩৫)। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জগৎপট্টি গ্রামের মো. বাদল হোসেনের ছেলে মো. তানভীর আহম্মেদ (২২) এর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০০ গ্রাম গাঁজা।
এছাড়া মাদক সেবনের অভিযোগে আদর্শ বয়া গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে মো. শাহেদ (২০), মো. বাদল মিয়ার ছেলে মো. শাহজাদা (১৬) এবং মধ্যকরফা গ্রামের মো. সোহাগ হোসেনের ছেলে মো. জাকারিয়া (২০)-কে গ্রেফতার করা হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি বা ব্যবসায়ী যেই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে নেছারাবাদ উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, পিরোজপুরের পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।