ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব সদস্যদের আটকে রেখে মারধোরের ঘটনায় শফিক ডাকাত গ্রেপ্তার

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ১১:০০
ad003
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন র‌্যাব সদস্যকে আটকে রেখে মারধোরের ঘটনায় কুখ্যাত শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার গভীর রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে র‌্যাব-৯ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। ডাকাত শফিক উপজেলার খাগাতুয়া গ্রামের সহিদ ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা সহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার  দুপুর ১২টার দিকে র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরুন্নবী জানান, গত ১১ মে র‌্যাব ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ৪ জন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাঞ্ছারামপুরে যাওয়ার পথে নবীনগরের খাগাতুয়া গ্রামে পৌছলে কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে তাদের উপর সশস্ত্র হামলা চালায় এবং তাদেরকে ৩ ঘন্টা আটক রেখে অমানষিক নির্যাতন চালায়। পরবর্তীতে অন্যান্য র‌্যাব সদস্য ও গ্রামবাসীর সহায়তায় তাদেরকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ৪ জন গোয়েন্দা সদস্যের মধ্যে তিনজন গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এর মধ্যে কনস্টেবল মালেকের মাথায় আঘাত, হাবিলদার রাশেদ ডান হাত ভাঙা, কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে ফেলা হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিল মূলহোতা শফিক ডাকাত।

পরে রোববার গভীর রাতে একটি বিকাশ নাম্বারের সূত্র ধরে কামরাঙ্গীচর এলাকা থেকে র‌্যাব-১০ এর সহায়তায় র‌্যাব ৯ এর সদস্যরা শফিক ডাকাতকে গ্রেপ্তার করে। সোমবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT