ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ জালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ সকাল ১১:৪৬
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় প্রজাতির মৎস্যসম্পদ সংরক্ষণ এবং তিতাস নদীর প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষায় জেলা মৎস্য বিভাগের উদ্যোগে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার  দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেনের নেতৃত্বে শহরের কাউতলী কুরুলিয়া খাল থেকে শুরু করে ভাদুঘরের পূর্বদিকে বোয়ালিয়া বিলসহ আশপাশের কয়েকটি বিলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাছ নিধনে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল, রিং জাল, চিংড়ি মাছ ধরার বটল ফাঁদসহ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে আনন্দবাজার এলাকায় অবস্থানরত জেলেদের সাথে কথা বলে নিষিদ্ধ জাল ব্যবহার না করার আহ্বান জানানো হয় এবং দেশীয় মাছের প্রজনন মৌসুমে নদী-খাল ও বিলের পরিবেশ রক্ষায় সচেতন করা হয়।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং তিতাস নদীর জীববৈচিত্র সংরক্ষণে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ উপকরণ ব্যবহারের কারণে মা মাছ, পোনা ও ছোট মাছ নির্বিচারে নিধন হচ্ছে, যা ভবিষ্যতে মৎস্য সম্পদের জন্য বড় হুমকি। জেলেদের আইন মেনে মাছ ধরতে হবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT