টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকায় টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক সংকটে পড়ায় ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে।
তারই ধারাবাহিকতায়, সোমবার ১৩ জুলাই ২০২৬ ইংরেজি বিকাল ৪ টায় টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসির সার্বিক দিক-নির্দেশনায় শাহপরীরদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিবৃষ্টিজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার দুঃস্থ ও পানিবন্দি পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রমের আওতায় এলাকার গরিব, দুঃস্থ ও পানবন্দি মোট ১০০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিজিবি’র এ মানবিক উদ্যোগে উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে আসে এবং স্থানীয় জনগণ এ কার্যক্রমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” - বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থেকে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।