হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদরাসার এক মেধাবী ছাত্রীকে পথিমধ্যে ইভটিজিং, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল বখাটের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও ছাত্রীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত সুপারিশ ও আবেদন জানিয়েছেন ভুক্তভোগী মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট।
গত রোববার তারিখে দাখিল করা এই আবেদনে বানিয়াচংয়ের ‘শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসা’র সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবদুল হামিদ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচার দাবি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসার ৭ম শ্রেণির এক মেধাবী ছাত্রী বেশ কিছুদিন ধরে মাদরাসায় আসা-যাওয়ার পথে বখাটে যুবকদের দ্বারা চরমভাবে ইভটিজিং ও হেনস্তার শিকার হয়ে আসছিল।সর্বশেষ গত ২ জুলাই ২০২৬ (রোজ বৃহস্পতিবার) আনুমানিক দুপুর দেড়টার সময় মাদরাসা থেকে ফেরার পথে প্রথমরেখ ‘নেরাবাক’ নামক এলাকায় উক্ত ছাত্রীর গতিবিধি রোধ করে একদল বখাটে।
ছাত্রীর বক্তব্য অনুযায়ী, বখাটেরা তাকে লক্ষ্য করে অত্যন্ত অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করে। একপর্যায়ে তারা ছাত্রীর গায়ে ও মাদরাসার ইউনিফর্মে স্পর্শ করে শ্লীলতাহানি ঘটায়। ঘটনার প্রতিবাদ করলে ছাত্রীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। ভুক্তভোগী ছাত্রীর দেওয়া তথ্যমতে এই ঘটনায় জড়িত প্রধান ৪ বখাটে হলো: মোঃ শুকুর আলীর পুত্র সৌরভ মিয়া (১৯), সামসু মিয়ার পুত্র মোঃ নূরল আমিন (২০),আরিছ উল্লাহর পুত্র মোঃ হাসান মিয়া (২০), ও মোঃ জাহাঙ্গীর মিয়ার পুত্র মোঃ মুনতাহিন (২১)। এছাড়াও তাদের সাথে আরও ৫/৬ জন অজ্ঞাতনামা বখাটে যুবক জড়িত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।