কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দাউদকান্দি মডেল থানার এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আবুল কাওসার সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন স্পেশাল-১১ ডিউটি পালনকালে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্ত থেকে প্রায় ২০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সেতুর ওপর অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ মো. নূর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নূর আলম পটুয়াখালী সদর উপজেলার মাতারবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জিরাখালী হাজিখালি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
প্রেস রিলিজে আরও জানানো হয়, মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ঠ-১১-৮৮৮২ নম্বরের একটি ডাবল কেবিন পিকআপ জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানসংক্রান্ত দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে দাউদকান্দি মডেল থানার প্রেস রিলিজে জানানো হয়েছে।