চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য অঞ্চলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন সভায় জানানো হয়, সারাদেশে পরীক্ষা গ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে। গতকাল একটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় ওই বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কোনো পরীক্ষা কেন্দ্রে সমস্যা দেখা দিলে কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে পরিস্থিতির কারণে কুমিল্লার একটি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।